ইমরান আহমেদ
প্রকাশ:১৩:৫০,২ নভেম্বর ২০২৬
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন মহানগর দায়রা জজ আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার এ তথ্য জানিয়েছেন।
গাজী নজরুল ইসলামের পক্ষে আইনজীবী মাহাবুবুর রহমান, মিজানুর রহমানসহ কয়েকজন জামিনের আবেদন করে শুনানি করেন। শুনানিতে মাহাবুবুর রহমান বলেন, আসামি সম্পূর্ণ নির্দোষ এবং এজাহারে বর্ণিত ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। কেবল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার জন্য তাকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামি ৭৫ বছর বয়সী একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তিনি জটিল হৃদরোগে ভুগছেন। তার স্থায়ী ঠিকানা রয়েছে এবং জামিন পেলে তিনি আত্মগোপন বা এলাকা ত্যাগ করবেন না। গত ৩০ সেপ্টেম্বর আসামির প্রথম স্ত্রী আপসের শর্তে জামিন পেয়েছেন। একই শর্তে এ আসামিও জামিন পাওয়ার হকদার।
তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকেও গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ হয়। তবে গত ৩০ সেপ্টেম্বর তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম আপসের শর্তে জামিন পান।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।
ওই রাতেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ। মামলায় গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মরিয়মের মামা ওবায়দুর রহমানও কারাগারে রয়েছেন।