ইশরাকের পদত্যাগের খবর অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা

মোঃ জিয়াউল হক তুহিন

প্রকাশ:০০:০৮,১৯ অক্টোবর ২০২৬

ইশরাকের পদত্যাগের খবর অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা

ফাইল ফুটেজ

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে—এমন খবরকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।

 

রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

 

বিবৃতিতে মাহফুজ কবির মুক্তা বলেন, রোববার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ বা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।

 

তিনি দাবি করেন, প্রতিমন্ত্রী তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাঁর পদত্যাগেরও কোনো প্রশ্ন নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

প্রেস কর্মকর্তা আরও দাবি করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

 

বিবৃতিতে সম্প্রতি নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির প্রসঙ্গও তুলে ধরা হয়। মাহফুজ কবির মুক্তা বলেন, ওই ঘটনায় আত্মরক্ষার প্রয়োজনে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের বিষয়ে প্রতিমন্ত্রী আগেই তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগের খবর প্রচার করা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

 

বিবৃতিতে সংশ্লিষ্ট গণমাধ্যম ও সাধারণ মানুষকে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেসব গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে, সেগুলোকে তা প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানান তিনি।

 

অন্যথায়, অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন