বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের সম্ভাব্য সফর ঘিরে আলোচনা

ঢাকায় ট্রানজিট করতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো

জিয়াউল হক তুহিন

প্রকাশ:২৩:৪২,১৭ অক্টোবর ২০২৬

ঢাকায় ট্রানজিট করতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো

আগামীকাল রোববার (১৮ অক্টোবর) ভুটানের থিম্পু সফরে যাওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। তবে তাঁর সম্ভাব্য যাত্রাপথ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সরাসরি ফ্লাইটের সীমাবদ্ধতার কারণে থিম্পু যাওয়ার পথে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দরে ট্রানজিট নিতে পারেন তিনি। সে ক্ষেত্রে ঢাকায় স্বল্প সময়ের জন্য অবস্থান করতে পারেন বিশ্ব ফুটবলের এই শীর্ষ কর্মকর্তা।

 

ইনফান্তিনোর সম্ভাব্য ট্রানজিটের বিষয়টি এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে তিনি বাংলাদেশে এলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি রাখছে সংস্থাটি।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের অংশ হিসেবে বাফুফের সাধারণ সম্পাদক আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। ইনফান্তিনো ঢাকায় ট্রানজিট নিলে এবং তিনি সম্মতি দিলে, বিমানবন্দরে তাঁর ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

 

ফিফা সভাপতি ঢাকার বিমানবন্দরের ভিআইপি এলাকায় অবস্থান করলে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন বাফুফে সভাপতি ও সহসভাপতিরা। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

 

এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। ইনফান্তিনো শেষ পর্যন্ত ঢাকায় এলে তাঁর সঙ্গে আবারও সাক্ষাতের সুযোগ তৈরি হতে পারে তাবিথ আউয়ালের।

 

তবে ফিফা সভাপতির বাংলাদেশে যাত্রাবিরতি এবং তাঁর সম্ভাব্য সাক্ষাৎ—দুটিই নির্ভর করছে সফরের চূড়ান্ত সূচি ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের ওপর।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন