আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:১৩:২৪,২ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কার মধ্যে উত্তর-পূর্ব সোমালিয়ার উপকূলে একটি ইরানি মাছ ধরার ট্রলার ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা। ‘আজিনি’ নামের ট্রলারটিতে থাকা ২১ জন ইরানি জেলে ও দুই সোমালি নিরাপত্তারক্ষীসহ মোট ২৩ জন ক্রুকে জিম্মি করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের ভারত মহাসাগরীয় সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র (এমএসসিআইও) এ তথ্য জানিয়েছে। খবর মেহর নিউজ এজেন্সির।
প্রতিবেদন অনুযায়ী, রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে সশস্ত্র জলদস্যুরা ট্রলারটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। সোমালিয়ার বন্দর শহর বান্দার বেইলা থেকে প্রায় ১৮৫ নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটে।
এমএসসিআইও জানিয়েছে, প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ট্রলারের ২৩ জন ক্রুর নিরাপত্তা ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ১২ জন জলদস্যু ট্রলারটি দখল করে এর ২৩ জন ক্রুকে জিম্মি করেছে।
নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ, ছিনতাই হওয়া ট্রলারটি জলদস্যুদের পরবর্তী অভিযানে ব্যবহৃত হতে পারে। কারণ, ‘আজিনি’ ট্রলারটির গঠন অনেকটা সেই ধরনের নৌযানের মতো, যা সোমালি জলদস্যুরা সাধারণত ‘মাদার শিপ’ বা মূল জাহাজ হিসেবে ব্যবহার করে।
জলদস্যুরা সাধারণত এ ধরনের জাহাজকে ভ্রাম্যমাণ ঘাঁটি হিসেবে ব্যবহার করে। এর মাধ্যমে উপকূল থেকে অনেক দূরে স্পিডবোট নিয়ে গিয়ে বড় বাণিজ্যিক জাহাজে হামলা চালানো সম্ভব হয়।
এমএসসিআইও আরও জানিয়েছে, শনিবার নাগাদ ট্রলারটি আগের অবস্থান থেকে প্রায় ১১০ নটিক্যাল মাইল পূর্ব দিকে সরে গেছে। ফলে এটি ভারত মহাসাগরের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের কাছাকাছি পৌঁছে গেছে।
কেন্দ্রটি সতর্ক করেছে, জলদস্যুরা ইরানি ট্রলারটিকে ‘মাদার শিপ’ হিসেবে ব্যবহার করে ওই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলা চালাতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকেই সোমালি জলদস্যুদের তৎপরতা বেড়েছে। বিশেষ করে গ্রীষ্মকালেই তারা প্রায় ছয়টি জাহাজ ছিনতাই করেছে। এসব ঘটনার কয়েকটিতে প্রাণহানিও হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে ‘অনার ২৫’ নামের একটি ছিনতাই হওয়া তেলবাহী ট্যাঙ্কার উদ্ধারে অভিযান চালায় স্থানীয় পুলিশ। ওই অভিযানে ১৬ জন সন্দেহভাজন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের আগেই ট্যাঙ্কারটিতে গোলাগুলির ঘটনায় পাঁচ জিম্মির মৃত্যু হয়েছিল।
সর্বশেষ ইরানি ট্রলার ছিনতাইয়ের ঘটনায় ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ট্রলারটিকে জলদস্যুরা মাদার শিপ হিসেবে ব্যবহার করলে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।