আব্দুল্লাহ গাজী
প্রকাশ:১০:৪৩,২১ অক্টোবর ২০২৬
ছবি: দ্য নিউজ অব বাংলাদেশ
রাজধানীর তুরাগে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ, বস্ত্র ও উপহারসামগ্রী বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব চান মিয়া বেপারী।
মঙ্গলবার (২০ অক্টোবর) তুরাগের ৫৩ নম্বর ওয়ার্ডের নলভোগ ও ভাবনারটেক এলাকায় একজন প্রতিবন্ধী ব্যক্তিসহ মোট নয়টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়। এ সময় তিনি নিজে পরিবারের সদস্যদের কাছে গিয়ে সহায়তা পৌঁছে দেন।
আয়োজিত এ উদ্যোগে নগদ অর্থের পাশাপাশি শাড়ি, লুঙ্গি ও বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, চান মিয়া বেপারী সারা বছরই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তাঁর এ উদ্যোগে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে সন্তোষ দেখা গেছে বলে জানান তাঁরা।
সহায়তা বিতরণ শেষে চান মিয়া বেপারী বলেন, “আমি যতদিন বেঁচে থাকব, ৫৩ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করে যাব। আমি ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ৫৩ নম্বর ওয়ার্ডের মানুষ আমার পাশে আছে।”
তিনি আরও বলেন, “আমি কাউন্সিলর হই বা না হই, মানুষের সেবা করে যাব। আমি মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও সুন্দর একটি মডেল ওয়ার্ড হিসেবে ৫৩ নম্বর ওয়ার্ডকে গড়তে চাই। এ জন্য সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, নির্বাচনের সময়ের বাইরেও চান মিয়া বেপারী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন। তাঁদের মতে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জোরদারে ভূমিকা রাখতে পারে।