পোশাক বিতর্কের নেপথ্যে কাকে দায়ী করলেন কৃতি শ্যানন

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ:১৯:২৪,২৫ অক্টোবর ২০২৬

পোশাক বিতর্কের নেপথ্যে কাকে দায়ী করলেন কৃতি শ্যানন

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন বলেছেন, বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কের আড়ালে রয়েছে নারীদের প্রতি সমাজের বৈষম্যমূলক মনোভাব। সম্প্রতি কারিনা কাপুর খানের ইউটিউব শোয়ে উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং ও পরিবারের সদস্যদের প্রতি অশালীন মন্তব্যের বিষয়ে মুখ খোলেন তিনি।

কৃতি জানান, ভারতীয় সংস্কৃতি ও সম্মানের কথা বলা কিছু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বাবা-মা ও বোনকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর প্রশ্ন, সংস্কৃতির কথা বলে কীভাবে কেউ অন্যের পরিবারের সদস্যদের অপমান করতে পারেন?

অভিনেত্রী বলেন, পরিবারের সদস্যসহ অনেকেই তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের ঘর বন্ধ রাখার পরামর্শ দিয়েছিলেন। তবে তিনি তা করেননি। তাঁর মতে, নারীদের নিজেদের অধিকারের পক্ষে সরব হওয়া জরুরি।

বিজ্ঞাপন ঘিরে বিতর্ক প্রসঙ্গে কৃতির বক্তব্য, বিষয়টি শুধু তাঁকে নিয়ে নয়; বরং নারীদের প্রতিনিয়ত বিচার করার বৃহত্তর সামাজিক প্রবণতার প্রতিফলন। নারীদের পোশাক, উচ্চতা কিংবা অন্তঃসত্ত্বা হওয়া—ব্যক্তিগত নানা বিষয় নিয়েও তাঁদের সমালোচনার মুখে পড়তে হয় বলে মন্তব্য করেন তিনি।

সমাজে লিঙ্গবৈষম্য ও পিতৃতান্ত্রিক মানসিকতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কৃতি। তাঁর ভাষ্য, অভিনেতারা অনেক সময় সহজ নিশানা হয়ে ওঠেন। এ ধরনের আক্রমণ তাঁদেরও মানসিকভাবে আঘাত করে। সমাজে গভীরভাবে শিকড় গেড়ে বসা বৈষম্যমূলক মানসিকতা ভাঙতে হলে এর বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানাতে হবে।

কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শাহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরও পড়ুন