নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:১৭:১০,২১ অক্টোবর ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় জসিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় চুরি হওয়া তিনটি লাগেজ ও সেগুলোতে থাকা মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এয়ারপোর্ট (১৩) এপিবিএনের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১২ অক্টোবর ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিবের তিনটি লাগেজ চুরির বিষয়টি এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের পর এপিবিএনের নজরে আসে।
পরে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ফ্লাইটের যাত্রী জসিমকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে শনাক্ত করা হয়।
এ ঘটনায় ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে গত ২০ অক্টোবর জসিমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় দণ্ডবিধির ৩৮০ ধারায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চুরি হওয়া তিনটি লাগেজে আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল ছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানবন্দর থানা ও চাঁদপুরের কচুয়া থানার সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে অভিযান চালিয়ে কচুয়া থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চুরিসহ অন্যান্য অপরাধ দমনে এপিবিএন সক্রিয় রয়েছে। বিমানবন্দরকে ব্যবহার করে অপরাধ, জনহয়রানি, চুরি ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।