আব্দুল্লাহ গাজী
প্রকাশ:১১:৪২,২০ অক্টোবর ২০২৬
রাজধানীর তুরাগের কামারপাড়ায় ‘আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা’ কর্মসূচির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিণী এবং কর্মসূচিটির ব্যবস্থাপনা পরিচালক রাজিয়া সুলতানা লাভলী।
সোমবার বিকেলে ঢাকা-১৮ আসনের ৫৪ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকার মামস স্কুল কেন্দ্রে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজিয়া সুলতানা লাভলী বলেন, ‘আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা’ কর্মসূচির মূল লক্ষ্য হলো মানুষের ঘরে ঘরে সহজে কুরআন পড়ার সুযোগ তৈরি করা। প্রতিটি ঘর কুরআনের আলোয় আলোকিত হোক—এটাই তাঁদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঢাকা-১৮ আসনে মাদকমুক্ত ও সুন্দর সমাজ গড়ে তুলতে তাঁরা কাজ করতে চান। এমন একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে নৈতিকতা, আদর্শ ও সঠিক পথ অনুসরণের গুরুত্ব থাকবে। শিশুদের কুরআনের শিক্ষায় আলোকিত করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আলহাজ আমান উল্লাহ ভূঁইয়া ও কর্মসূচির নির্বাহী পরিচালক মাওলানা নিজাম তালুকদার। এতে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকা।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সোহেল রানা এবং তুরাগ থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
স্থানীয় অভিভাবকেরা এ ধরনের উদ্যোগের জন্য রাজিয়া সুলতানা লাভলী ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, শিশুদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের কর্মসূচি ভূমিকা রাখতে পারে।