এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম

শমসের বিন লাদেন

প্রকাশ:০১:১০,২০ অক্টোবর ২০২৬

এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম

সাংবাদিকতা, কলাম লেখা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ‘এডিএম স্টার অ্যাওয়ার্ড-২০২৫’-এর দশম আসরে বিশেষ সম্মাননা পেয়েছেন সাংবাদিক ও কলামিস্ট এইচ এম হাকিম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

 

এ ডি মাল্টিমিডিয়া ও এ ডি মডেল এজেন্সির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এস এম মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আর্মড পুলিশ ব্যাটালিয়নের সপ্তম ব্যাটালিয়নের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ। তাঁদের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন এইচ এম হাকিম।

 

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সমসাময়িক বিভিন্ন বিষয়ে কলাম লেখার পাশাপাশি সাংবাদিকতা ও সমাজসেবায় সম্পৃক্ততার জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। তাঁর লেখা কলামগুলোর মধ্যে রয়েছে ‘সীমান্তে রক্তের দাগ ও প্রশাসনিক উদাসীনতা: শূন্যের কোঠায় হত্যা কি শুধুই রাজনৈতিক আশ্বাস?’, ‘অপ-সাংবাদিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকতা, বর্তমান প্রেক্ষাপট...’ এবং ‘চীন ও জাপানের আদলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপায়’।

 

সাংবাদিকতার পাশাপাশি নিজ জেলা চুয়াডাঙ্গার জীবননগর এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছেন এইচ এম হাকিম। তিনি জীবননগর মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি সম্মাননাটি জীবননগর এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশে উৎসর্গ করেন। স্থানীয় মানুষের ভালোবাসা ও সহযোগিতাকে এ অর্জনের অনুপ্রেরণা হিসেবে দেখছেন তিনি।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. শেখ মহ. রেজাউল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা মাসুম পারভেজ রুবেল, ঢাকা জজকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হাবিবুল হক এবং নারী উদ্যোক্তা মিতু আক্তারসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা।

 

এ ডি মাল্টিমিডিয়া ও এ ডি মডেল এজেন্সির কর্ণধার স্বপন আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের অংশগ্রহণ ছিল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন