নিহান আহমেদ
প্রকাশ:১৪:০৭,২ নভেম্বর ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ অভিযোগ দাখিল করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম। আসামিদের মধ্যে মির্জা আজম গ্রেপ্তার হননি। বাকি ছয় আসামি কারাগারে রয়েছেন।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকার রাষ্ট্রীয় নীতি হিসেবে এবং আওয়ামী লীগ ও ১৪-দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করেছিল।
তিনি বলেন, এই মামলার আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি ও নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ, সহযোগিতা, পরামর্শ ও অবদান রেখেছেন।
এর ফলে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এক হাজার ৪০০ আন্দোলনকারী নিহত এবং ২৫ হাজার আন্দোলনকারী আহত হয়েছেন বলে অভিযোগ করেন প্রসিকিউটর। এসব বিষয়ই আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের অন্তর্ভুক্ত।