তানভীর খান
প্রকাশ:১৮:৩৬,১ নভেম্বর ২০২৬
রাজধানীতে ‘ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’-এর জার্সি ও মেডেল উন্মোচন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। রোববার (১ নভেম্বর) বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি ও মেডেল উন্মোচন করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানে আগামী ২৮ নভেম্বর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে অনুষ্ঠিত হবে এ ম্যারাথন। এতে ২১ দশমিক ১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ দশমিক ০২ কিলোমিটার—এই চারটি বিভাগে অংশ নিতে পারবেন প্রতিযোগীরা।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এ আয়োজন। এ কাজে রানার্স কমিউনিটিকে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রানার্স কমিউনিটির সদস্য, পেসার, গণমাধ্যমকর্মী ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।