মোঃ তামিম পাঠান
প্রকাশ:১৩:১৭,২৫ অক্টোবর ২০২৬
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। এ ফলের জন্য অপেক্ষায় রয়েছেন প্রায় ১৩ লাখ শিক্ষার্থী। শনিবার (২৪ অক্টোবর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর (সোমবার) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনার পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই সারা দেশে একযোগে শুরু হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। সে হিসাবে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবক এখন ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন।
পরীক্ষার সূচি অনুযায়ী, ৮ আগস্ট অধিকাংশ বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয়। তবে বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের পরও পরীক্ষা নিতে হয়েছে। স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন এবং মোবাইল ফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নিজস্ব পরিচিতি নম্বর ব্যবহার করে একসঙ্গে ফল সংগ্রহ করতে পারবে।
১. অনলাইনে ফলাফল
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd–এ প্রবেশ করে ফল দেখতে পারবেন। এ জন্য রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। ওয়েবসাইট থেকে ফলাফলের মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২. শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর ফল একসঙ্গে ডাউনলোড করতে পারবে।
৩. এসএমএসের মাধ্যমে
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
ফরম্যাট: HSC DHA 123456 2026
এখানে DHA-এর পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর এবং 123456-এর পরিবর্তে নিজের রোল নম্বর লিখতে হবে। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
এইচএসসি ও সমমানের ফল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির পরবর্তী ধাপের জন্য গুরুত্বপূর্ণ। ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রস্তুতি শুরু করবেন শিক্ষার্থীরা।
আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারিত হওয়ায় পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অপেক্ষা আরও বাড়ছে। ফল প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত তথ্য ২৬ অক্টোবর শিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এখন ফল প্রকাশের দিনটির অপেক্ষায় রয়েছেন ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।