তানভীর খান
প্রকাশ:১৯:১৬,১ নভেম্বর ২০২৬
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় এ অভিযান চালায় বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১০ থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে একটি ব্যাগ নিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করেন বিজিবি সদস্যরা।
পরে স্থানীয়দের উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ দশমিক ৯৪১ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
আটক ব্যক্তিরা হলেন—মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের মো. আসাদুল ও মো. জুয়েল হোসেন।
বিজিবি জানিয়েছে, আটক দুজনকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।