তানভীর খান
প্রকাশ:১৯:১৯,১ নভেম্বর ২০২৬
চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪০ হাজার কেজি সিমেন্টসহ চার পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের এসব সিমেন্ট উদ্ধার করেন। একই সঙ্গে আটক করা হয় চার পাচারকারীকে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দ্য নিউজ অব বাংলাদেশকে জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।