জাহাঙ্গীর আলম পলক
প্রকাশ:২২:৩৮,১ নভেম্বর ২০২৬
ছবি: দ্য নিউজ অব বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও ২ বিজিবির যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের বোট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) এসআরবি-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) ও ২ বিজিবির একটি যৌথ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিআরএম-৫ সীমান্ত পিলার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে গফুর মেম্বারের প্রজেক্টসংলগ্ন নাফ নদীর তীরে অভিযান চালায়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের বোট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার আব্দুল খালেক (২৫) ও নুর ফয়সাল (২৫), ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান ওরফে মিজান উদ্দিন (২৪) এবং উখিয়ার থাইংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাফেজ আহমদ (২৯)।
এসআরবি-১৫-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিরা জব্দ করা বোট ব্যবহার করে মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা আলামতসহ তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।