আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ:১২:৩৭,২৬ অক্টোবর ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। সমসাময়িক অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী ইতোমধ্যে বিয়ে করে সংসার সামলানোর পাশাপাশি অভিনয় চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে সাফা কবির এখনো অবিবাহিত থাকায় তাকে প্রায়ই শুনতে হয় একই প্রশ্ন—কবে বিয়ে করছেন?
তবে ব্যক্তিগত জীবন নিয়ে এমন অযাচিত প্রশ্নে বিরক্ত এই অভিনেত্রী। তার মতে, বিয়ে কিংবা একা থাকা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এ নিয়ে কাউকে বারবার প্রশ্ন করা উচিত নয়।
সম্প্রতি এক আড্ডায় নিজের জীবনযাপন, অভিনয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সাফা। তিনি জানান, চারপাশে বন্ধুদের বিয়ে ও সন্তান হওয়ার মধ্যে নিজের অবিবাহিত থাকা নিয়ে প্রায়ই নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।
সাফার মতে, মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতি সবার আরও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। তারকারাও সাধারণ মানুষের মতো নিজেদের জীবন ও সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন। বিষয়টি সবার বোঝা উচিত।
নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সাফা
বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখে পড়লেও নিজের জীবন নিয়ে বেশ সন্তুষ্ট এই অভিনেত্রী। সাফা বলেন, ‘নিজের জীবন নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সৃষ্টিকর্তার কৃপায় সুন্দর একটি জীবন কাটছে আমার।’
তবে ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, সে বিষয়েও নিজের পছন্দের কথা জানিয়েছেন তিনি। সাফার পছন্দ শিক্ষিত, রসবোধসম্পন্ন ও ভালো মনের একজন মানুষ।
অভিনয়ে শতভাগ সন্তুষ্ট নন
অভিনয় প্রসঙ্গে সাফা জানান, পর্দায় কোনো চরিত্রকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এর প্রভাব মানসিকভাবেও অনুভূত হতে পারে। কাজের পেছনে নানা অস্বস্তিকর পরিস্থিতি কিংবা ব্যস্ত সময়সূচি থাকলেও দর্শকদের ভালোবাসা পেতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন তিনি।
তবে নিজের অভিনয় নিয়ে কখনোই শতভাগ সন্তুষ্ট নন সাফা। তার মতে, একজন শিল্পীর মধ্যে নিজের কাজ নিয়ে কিছুটা অসন্তুষ্টি থাকা ভালো। এই মনোভাবই তাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।
অ্যাকশনধর্মী চরিত্রে কাজের ইচ্ছা
ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে গিয়ে সাফা বলেন, ওয়েব ফিল্মে কাজ করার প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। বিশেষ করে অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করতে চান তিনি। প্রচলিত চরিত্রের বাইরে নতুন ধরনের কাজে নিজেকে মেলে ধরার ইচ্ছাও রয়েছে তার।
নিজের জীবনদর্শন সম্পর্কে সাফা জানান, তিনি নিজেকে আত্মনির্ভরশীল মানুষ হিসেবে দেখেন এবং সব পরিস্থিতিতে ইতিবাচক থাকার চেষ্টা করেন। নিজের সমস্যা নিজেই সমাধান করা এবং আশপাশের পরিবেশ ইতিবাচক রাখাকে জীবনের অন্যতম লক্ষ্য বলে মনে করেন এই অভিনেত্রী।