নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ:১৫:৫০,৩১ অক্টোবর ২০২৬

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ অপেক্ষা ও শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর নতুন নাটক ‘অংশীদার’-এর মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘ বিরতির পর প্রিয় পেশায় ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তানিয়া বৃষ্টি। একই সঙ্গে সুস্থ হয়ে আবারও কাজ শুরু করতে পারায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে তানিয়া বৃষ্টি জানান, পরিচালক ইকসান রনির সঙ্গে এর আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইকসান রনির পরিচালনায় ‘বাবাও মানুষ’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। নাটকটি দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছিল। নতুন নাটক ‘অংশীদার’-এর গল্পও তাঁর কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে সমাজে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টি নাটকটিতে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা বহন করবে বলে মনে করেন তিনি।

নাটকের গল্প প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমাদের সমাজে এখনো এমন অনেক পরিবার রয়েছে, যেখানে শুধু কন্যাসন্তান থাকার কারণে নানা ধরনের সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তিতে মেয়েদের ন্যায্য অধিকার খর্ব করার চেষ্টা করা হয়। অনেক নারী নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন এবং অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করতে বাধ্য হন। ‘অংশীদার’ নাটকে এমন বাস্তবতার চিত্র তুলে ধরার পাশাপাশি সমস্যার একটি ইতিবাচক সমাধানের দিকও দেখানো হয়েছে। তাঁর বিশ্বাস, নাটকটি দর্শকদের ভালো লাগবে এবং সমাজের মানুষের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরতে পেরে আবেগাপ্লুত তানিয়া বৃষ্টি। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, মহান আল্লাহর কাছে অসীম শুকরিয়া যে কিছুটা সুস্থ হয়ে আবার নিজের পেশাগত কাজে ফিরতে পেরেছেন। নিজের চিরচেনা অভিনয়ের জগতে ফিরে ভালো লাগছে তাঁর। তবে এখনো পুরোপুরি সুস্থতার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। সবার কাছে নিজের সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

অসুস্থতার দিনগুলোর কথা স্মরণ করে তানিয়া বৃষ্টি জানান, তাঁর শারীরিক অবস্থা একসময় এমন পর্যায়ে পৌঁছেছিল যে, হয়তো আর কখনো অভিনয়ে ফেরা সম্ভব হতো না। তবে বর্তমানে আগের তুলনায় অনেক ভালো আছেন তিনি। দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও এই সময়টাতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছেন। অনেকে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অভিনয়ে না ফেরার পরামর্শ দিয়েছেন। আবার অনেকেই সব সময় চেয়েছেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরে আসেন।

অভিনেত্রীর ভাষ্য, এই দীর্ঘ সময়ে অনেক মানুষ তাঁর পাশে ছিলেন। তাঁকে সম্মান দিয়েছেন, সাহস জুগিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তাদের ভালোবাসা ও সমর্থনই আবার কাজে ফেরার অনুপ্রেরণা জুগিয়েছে। পাশাপাশি অভিনয়কে ভীষণভাবে মিস করতেন তিনি। তাই শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর আবারও কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে। নাটকটির সংলাপ রচনা করেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের অংশগ্রহণে নাটকটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নাটকটির পরিচালক ইকসান রনি বলেন, ‘অংশীদার’ আমাদের সমাজের পরিচিত একটি বাস্তবতার গল্প। এখানে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অসুস্থতা কাটিয়ে তানিয়া বৃষ্টি আবার কাজে ফিরেছেন, বিষয়টি তাঁর কাছে আনন্দের। তিনি বেশ আগ্রহ ও আনন্দ নিয়েই নাটকটিতে অভিনয় করেছেন বলেও জানান পরিচালক।

অন্যদিকে অভিনয়ের পাশাপাশি অবসর সময়ও এখন বেশ সচেতনভাবে কাটাচ্ছেন তানিয়া বৃষ্টি। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি নিজের পোষা প্রাণীদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তিনি। তাঁর ছয়টি পোষা বিড়াল রয়েছে। অবসর সময়ের বড় একটি অংশ কাটে তাদের সঙ্গে। এমনকি কোথাও বাইরে যাওয়ার প্রয়োজন হলেও অনেক সময় পোষা বিড়ালগুলোকে সঙ্গে নিয়ে যান এই অভিনেত্রী। তাদের সঙ্গেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

জানা গেছে, ‘অংশীদার’ নাটকটি শিগগিরই একটি টেলিভিশন চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। তবে প্রচারের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে ব্রেন টিউমার শনাক্ত হয়। এরপর থেকেই শুরু হয় তাঁর চিকিৎসা। অসুস্থতার কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকতে হয় তাঁকে। চিকিৎসা ও বিশ্রামের মধ্য দিয়ে কঠিন সময় পার করেছেন এই অভিনেত্রী। প্রায় নয় মাস পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ানো তাঁর জন্য তাই বিশেষ আনন্দের। নতুন নাটকের মধ্য দিয়ে অভিনয়ে নিয়মিত হওয়ার পাশাপাশি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার প্রত্যাশা করছেন তানিয়া বৃষ্টি।

আরও পড়ুন