নতুন কার্টুন ও সিনেমা নিয়ে দুরন্ত টিভির ৩৭তম সিজন শুরু

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ:১২:৩৮,২৬ অক্টোবর ২০২৬

নতুন কার্টুন ও সিনেমা নিয়ে দুরন্ত টিভির ৩৭তম সিজন শুরু

শিশুদের বিনোদনে নতুন কার্টুন সিরিজ, সিনেমা ও জনপ্রিয় অনুষ্ঠান নিয়ে ৩৭তম সিজন শুরু করেছে দেশের একমাত্র শিশুতোষ টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভি। গতকাল থেকে শুরু হওয়া নতুন এ সিজনে শিশুদের জন্য থাকছে নানা ধরনের আকর্ষণীয় আয়োজন।

দুরন্ত টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সিজনে সম্প্রচারিত হবে কার্টুন সিরিজ ‘চিপ অ্যান্ড পটেটো’ ও ‘দ্য স্নুপি শো’। পাশাপাশি থাকছে ‘স্ট্রবেরি শর্টকেক’ সিরিজের চারটি সিনেমা—‘স্ট্রবেরি শর্টকেক’স স্প্রিং স্পেকট্যাকুলার’, ‘স্ট্রবেরি শর্টকেক’স সামার ভেকেশন’, ‘স্ট্রবেরি শর্টকেক অ্যান্ড দ্য বিস্ট অফ বেরি বগ’ এবং ‘স্ট্রবেরি শর্টকেক’স পারফেক্ট হলিডে’।

থাকছে জনপ্রিয় নাটক ও কার্টুন

নতুন সিজনে দুরন্ত টিভির জনপ্রিয় নাটক ‘টুমলু’, ‘এমিল ও তার গোয়েন্দারা’, ‘পিকলু অ্যান্ড পাই’ এবং ‘রাঁধিবাড়ি খাইদাই’-এর দ্বিতীয় সিজন দেখতে পাবে শিশুরা।

এ ছাড়া থাকছে শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিসিমপুর’-এর ১৬তম সিজন। কার্টুনপ্রেমীদের জন্য আয়োজন করা হয়েছে ‘মীয়া অ্যান্ড মি’, ‘পিনি ইনস্টিটিউট অফ নিউ ইয়র্ক’, ‘কিউ পুটল ৫’, ‘কোকোনাট দ্য লিটল ড্রাগন’, ‘রাস্টি নাইট’, ‘দ্য স্মার্ফস’, ‘ল্যাসি’-এর দ্বিতীয় সিজন, ‘স্পেস নোভা’, ‘ভিক দ্য ভাইকিং’ এবং ‘হান্ড্রেড পারসেন্ট উলফ—লিজেন্ড অফ দ্য মুনস্টোন’।

গল্প, যোগব্যায়াম ও সৃজনশীল আয়োজন

কার্টুন ও নাটকের পাশাপাশি নতুন সিজনে থাকছে শিশুদের জন্য শিক্ষামূলক ও সৃজনশীল অনুষ্ঠানও। যোগব্যায়াম নিয়ে জনপ্রিয় ‘দুরন্ত সময়’-এর তৃতীয় সিজন, গল্প বলার অনুষ্ঠান ‘গল্প শেষে ঘুমের দেশে’-এর দ্বিতীয় সিজন এবং ‘রঙ বেরঙের গল্প’-এর ষষ্ঠ সিজন থাকছে এবারের আয়োজনে।

এ ছাড়া শিশুরা উপভোগ করতে পারবে ‘কাট্টুস কুট্টুস’ এবং হাতের কাজ ও সৃজনশীলতা নিয়ে অনুষ্ঠান ‘দ্য আর্ট রুম’।

নতুন এ সিজনের মাধ্যমে শিশুদের বিনোদনের পাশাপাশি গল্প, সৃজনশীলতা ও শেখার সুযোগ তৈরি করতে চায় দুরন্ত টিভি।

আরও পড়ুন