তানভীর খান
প্রকাশ:১৬:০৭,২৫ অক্টোবর ২০২৬
দক্ষ ও উৎপাদনশীল জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষকদের পেশাগত দক্ষতা, নৈতিক আদর্শ এবং প্রশিক্ষণের মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে কর্মরত প্রশিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ গুরুত্বারোপ করেন।
মহাপরিচালক বলেন, প্রশিক্ষকদের নিজেদের যোগ্যতা ও নৈতিক আদর্শের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। প্রশিক্ষণে অপ্রাসঙ্গিক বিষয় পরিহার করে বিষয়ভিত্তিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও আধুনিক পদ্ধতির ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সঙ্গে অভিভাবকসুলভ সম্পর্ক গড়ে তুলে আস্থা ও সহযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে।
প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়নের বিষয়ে তিনি জানান, প্রচলিত পিটি, ড্রিল ও অস্ত্রচালনা প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সম্প্রসারণ করা হচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় একাডেমিতে 6G ওয়েল্ডিং, মেসন, শাটারিং, মোটর ড্রাইভিং, জাপানিজ ভাষা, হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং সৌরবিদ্যুৎ প্যানেল রক্ষণাবেক্ষণের মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান ও দেশি-বিদেশি শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হবে।
তিনি বলেন, দেশের বিশাল যুবসমাজকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করা সময়ের অন্যতম প্রধান লক্ষ্য। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাহিনীর সদস্যদের উৎপাদনশীল ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।
মহাপরিচালক আরও বলেন, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে সদস্যদের সতর্ক ও সক্রিয় থাকতে হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আধুনিক ও বহুমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে, যা দেশের নিরাপত্তা, উৎপাদনশীলতা ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।