দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত

রাবেত সিকদার

প্রকাশ:১৬:২৬,২৫ অক্টোবর ২০২৬

দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। তাঁর দাবি, ওই দিনের ঘটনা দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকারের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি বলেন, ঘটনার দুই দশক পূর্ণ হতে যাচ্ছে। কিন্তু এখনো হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার হয়নি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

বিবৃতিতে জানানো হয়, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে কেন্দ্রীয়ভাবে দুই দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পরদিন ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য দলের সব শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন