গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ:১৭:২৫,২৫ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় সেখানে টহলরত পুলিশ সদস্যরা উপস্থিত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলে পুলিশের সদস্যসংখ্যা কম ছিল। এ কারণে পুলিশ সদস্যরা হামলার শিকার হন। সরকার ঘটনার ভিডিও দেখেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন