মোঃ সাইফাব আহমেদ
প্রকাশ:১৮:৩৯,২৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। বক্তব্যের একপর্যায়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোকে কুত্তার মতো পেটানো দরকার।’
এ সময় তিনি আরও অভিযোগ করেন, একজন যুবক প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তাঁর বাহিনী নিয়ে মাদক সিন্ডিকেটের চেইন ভেঙে ফেলার চেষ্টা করেছেন। কিন্তু সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার না করে পিস্তল নিয়ে দৌড়ানোর বিষয়টি প্রচার করেছেন। সাংবাদিকদের ‘সাংঘাতিক’ আখ্যা দিয়ে তিনি তাঁদের বিরুদ্ধে হলুদ সাংবাদিকতা এবং বিদেশি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অর্থায়নে কাজ করার অভিযোগও তোলেন। পাশাপাশি বাংলাদেশ ভালো হোক, সাংবাদিকেরা তা চান না বলেও মন্তব্য করেন তিনি।
আইনি নোটিশে বলা হয়েছে, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের পেটানোর হুমকি দেওয়া হয়েছে, যা সাংবাদিকদের জন্য ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে। বক্তব্যটি সাংবাদিকতা পেশা ও পেশাদার সাংবাদিকদের প্রতি অবজ্ঞামূলক, মানহানিকর এবং তাঁদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, বক্তব্য প্রত্যাহার করে সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় সাংবাদিক ও সাংবাদিকতা পেশা সম্পর্কে অবমাননাকর বক্তব্য, মানহানি, হামলার হুমকি এবং উসকানি দেওয়ার অভিযোগে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।