মোঃ আনজার শাহ
প্রকাশ:১৩:৪৬,২৬ অক্টোবর ২০২৬
দেশে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অনুমোদন দিলে পুলিশ প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার দুপুরে রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেমের’ আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, “পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনী সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া, জনগণকে স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দিন-রাত কাজ করে যাচ্ছে। এসব লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইজিপি বলেন, কে দেশে আসবেন বা এ নিয়ে কী পরিস্থিতি তৈরি হবে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিবেচ্য বিষয় নয়। পুলিশ আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, “ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ (অনুমোদন) করে, আমরা সেটাই করব।”
দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। বর্তমানে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
তিনি জানান, এসব অভিযোগের প্রেক্ষাপটে গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে আগে নিজেদের মধ্যে অনিয়ম দূর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আইজিপি আরও বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়। অভ্যন্তরীণ শৃঙ্খলা, সামাজিক শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।