তানভীর খান
প্রকাশ:১৭:২৪,২৬ অক্টোবর ২০২৬
রাজধানীর রাজপথ দখলমুক্ত রাখতে অবৈধ হকার উচ্ছেদে বিশেষ কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। একই সঙ্গে নাগরিক সেবায় কোনো কর্মকর্তা-কর্মচারীর অবহেলা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর কলাবাগান গ্রিন রোড স্টাফ কোয়ার্টার মিলনায়তনে ১৫ থেকে ২১ নম্বর ওয়ার্ডের নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সভায় স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতির অপ্রতুলতা এবং জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবার সমস্যা তুলে ধরেন। এসব অভিযোগ শুনে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের কাছে তাৎক্ষণিক ব্যাখ্যা চান ডিএসসিসি প্রশাসক। পাশাপাশি সমস্যাগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি।
আব্দুস সালাম বলেন, জলাবদ্ধতা ঢাকা দক্ষিণের অন্যতম প্রধান সমস্যা। এ সমস্যা নিরসনে কাজ চলছে। নিউমার্কেটসহ আশপাশের এলাকার প্রধান সড়ক থেকে অবৈধ হকার উচ্ছেদে দ্রুত বিশেষ কর্মসূচি চালু করা হবে। রাজপথে কাউকে বসতে দেওয়া হবে না। তবে শৃঙ্খলা মেনে চলা হকারদের জন্য মতিঝিলের নৈশকালীন মার্কেটের আদলে বিকল্প ব্যবস্থা করার সুযোগ রয়েছে।
নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, নাগরিকদের সেবা পাওয়া মৌলিক অধিকার। সিটি করপোরেশনের কোনো কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনে গাফিলতি করলে বা নাগরিকদের চাহিদা পূরণে ব্যর্থ হলে সরাসরি অভিযোগ জানাতে হবে। এ ক্ষেত্রে দ্রুত কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এ উদ্যোগের প্রশংসা করেন। অতীতের অনিয়ম ও অপব্যবহারের ক্ষতি কাটিয়ে একটি আধুনিক ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।