তানভীর খান
প্রকাশ:১৪:১৯,২৮ অক্টোবর ২০২৬
রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ স্থাপনা ভেঙে ফেলার পাশাপাশি বিভিন্ন মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।
ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং পুলিশের ছয় প্লাটুন সদস্যের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
অভিযান সরাসরি পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। এ সময় তিনি বলেন, রাজধানীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন বাজার ও ছুটির দিনের বাজার নির্ধারণ করা হয়েছে। হকারদের নির্ধারিত স্থানেই বসতে হবে।
তিনি আরও বলেন, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত পুরো সড়ক দখলমুক্ত রাখা হবে। মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। এ বিষয়ে হকারদের বিভিন্নভাবে সতর্ক করার পাশাপাশি সংগঠনের নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠকও করা হয়েছে।
ডিএসসিসির প্রশাসক বলেন, উচ্ছেদের পরও অনেকে আবার ফুটপাত ও সড়ক দখল করে বসছেন। এ কারণে এখন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম অমান্য করে বসলে মালামাল জব্দের পাশাপাশি প্রয়োজনে গ্রেপ্তার করা হবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
ডিএসসিসি জানিয়েছে, পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার এ কার্যক্রম চলমান থাকবে।