দেশের ৩৩ হাজারের বেশি মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হবে

৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা চলছে: আইজিপি

কায়েস বিন আব্দুল্লাহ

প্রকাশ:০০:৪৪,১৮ অক্টোবর ২০২৬

৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা চলছে: আইজিপি

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ব্রিফিংয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

দেশজুড়ে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন পূজা কমিটির সদস্যরাও।

 

প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদ্‌যাপন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন পুলিশপ্রধান।

 

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

 

আইজিপি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি গুজব থেকে সচেতন থাকতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

তিনি বলেন, “আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণেরই হই না কেন, দেশটি আমাদের সবার। সব অপশক্তি নির্মূল করে একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করাই আমাদের লক্ষ্য।”

 

পুলিশের অতীত পরিস্থিতি তুলে ধরে আলী হোসেন ফকির বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে পাঁচ থেকে সাত দিন পুলিশের কার্যক্রম কার্যত বন্ধ ছিল। সে সময় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয়েছিল। ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা ঘটেছিল। তবে সবার সহযোগিতায় পুলিশ সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

আইজিপি আরও বলেন, সব ধরনের অপশক্তি, অন্যায় ও বৈষম্য দূর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে।

 

পরিদর্শনকালে পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, পূজামণ্ডপগুলোতে পুলিশের নিরাপত্তাব্যবস্থার কারণে নিরাপদ পরিবেশে পূজা উদ্‌যাপন করা সম্ভব হচ্ছে।

 

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পূজা উদ্‌যাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন