অবৈধ দখলদারদের উৎসাহিত করে এমন প্রশ্ন করবেন না: ডিএসসিসি প্রশাসক

তানভীর খান

প্রকাশ:১৮:৫৩,২৯ অক্টোবর ২০২৬

অবৈধ দখলদারদের উৎসাহিত করে এমন প্রশ্ন করবেন না: ডিএসসিসি প্রশাসক

অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসানোর কোনো সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, যতবার রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই নগরবাসীর স্বার্থে উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রয়োজনে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফায় পরিচালিত উচ্ছেদ অভিযানকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

অভিযানে মূল সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং মালামাল জব্দ করা হয়। এর মধ্য দিয়ে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

বারবার অভিযান চালানোর পরও হকাররা কীভাবে আবার ফিরে আসে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক বলেন, অবৈধ দখল বন্ধে একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরও কেউ অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করার অভিযোগ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘এমন কোনো প্রশ্ন করবেন না, যাতে অবৈধ দখলকারীরা উৎসাহিত হয়। ঢাকার নাগরিকরা কী চান এবং দেশের সাধারণ মানুষের দাবি কী, সে অনুযায়ী জনমত গড়ে তুলুন।’

আবদুস সালাম বলেন, সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে নেওয়া সম্ভব নয়। জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্টসংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে। বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে।

তিনি আরও বলেন, ‘এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে; এর কোনো বিকল্প নেই।’

উচ্ছেদ অভিযান চলাকালে সাধারণ পথচারীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা যায়। এ সময় অনেকে প্রশাসককে ধন্যবাদ জানান এবং দখলমুক্ত রাখার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন