ফাহিম খান
প্রকাশ:১৩:৩৬,১ নভেম্বর ২০২৬
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আশফাকুর রহমানকে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, পোশাকশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে একাধিক ফলপ্রসূ বৈঠক হয়েছে। এসব আলোচনার ধারাবাহিকতায় নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও অধিকারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দাবি পূরণ হওয়ায় এবং সরকার নিয়মতান্ত্রিক উপায়ে মজুরি বোর্ড গঠন করায় শ্রমিক ভাইবোনদের আর আন্দোলন বা সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই।’ তিনি অবিলম্বে সব কারখানার শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী আশা প্রকাশ করেন, মালিক ও শ্রমিকপক্ষের পারস্পরিক সমঝোতার মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত ন্যূনতম মজুরি নির্ধারণ করা সম্ভব হবে। যা দেশের অর্থনীতি ও পোশাকশিল্পের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে বোর্ডের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আশফাকুর রহমান।
নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব।
অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
প্রজ্ঞাপনে মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে নিম্নতম মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম শুরু করার অনুরোধ জানানো হয়েছে।
বোর্ডের কার্যক্রমের মধ্য দিয়ে পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি নিয়ে নতুন করে প্রাতিষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে।