তাহসান হোসেন
প্রকাশ:১৪:৫৩,১ নভেম্বর ২০২৬
আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে লোডশেডিং কিছুটা হলেও কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, গত আট মাস ধরে সরকার সৌরবিদ্যুতের প্রসারে কাজ করছে। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবেই আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’।
তিনি বলেন, আগামী ৩ থেকে ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই এক্সপো। সরকারি উদ্যোগে দেশে এ ধরনের আয়োজন এবারই প্রথম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীও নিজের বাসায় গ্রিড বিদ্যুতের পরিবর্তে অফ-গ্রিড ব্যবস্থায় চলে গেছেন বলে জানান মন্ত্রী।
জ্বালানি ব্যয়ের প্রসঙ্গ তুলে ইকবাল হাসান মাহমুদ বলেন, জ্বালানির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৌরবিদ্যুতের দিকে এগিয়ে যেতে হবে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।