পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীনা বিনিয়োগের আগ্রহ

তাসনিম হোসেন

প্রকাশ:১৫:৪৩,১ নভেম্বর ২০২৬

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীনা বিনিয়োগের আগ্রহ

দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের অন্যতম জ্বালানি অবকাঠামো উন্নয়নকারী প্রতিষ্ঠান চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ।

রোববার (১ নভেম্বর) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, এমপির সঙ্গে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগের আগ্রহের কথা জানায় প্রতিনিধি দল।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা জানান, চীনে বৃহৎ জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রতিষ্ঠানটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও তারা এ খাতে কাজ করছে। বাংলাদেশেও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।

বিনিয়োগের এ আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগকে সবসময় উৎসাহিত করে আসছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। তবে পায়রা বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা হওয়ায় এর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

প্রতিমন্ত্রী বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, বন্দরের নিরাপত্তা এবং প্রচলিত নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন