তানভীর খান
প্রকাশ:১৫:৪৫,২৪ অক্টোবর ২০২৬
রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা দায়ের ও মালামাল জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে তিনি এসব কথা বলেন। নগর ভবনের আওতাধীন ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালিত হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, অবৈধ হকার ও ভাসমান দোকানের কারণে যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। ঢাকাবাসীকে এ দুর্ভোগ থেকে মুক্তি দিতে নির্ধারিত নিয়মের বাইরে রাস্তা ও ফুটপাতে দোকান বসালে মালামাল জব্দসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না বলে স্পষ্ট করেন প্রশাসক।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।
এ সময় মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশাসক জানান, সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে জনস্বার্থে সেটি স্থানান্তর করে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন একটি এসটিএস নির্মাণের কাজ চলছে, যা চলতি মাসের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, শনিবারের পরিচ্ছন্নতা অভিযান সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় ডিএসসিসি প্রশাসক বর্জ্য পরিষ্কার ও অবৈধ দোকান অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। কর্মসূচিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।