এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন

রাইয়ান হোসেন

প্রকাশ:১৪:৪৭,১ নভেম্বর ২০২৬

এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন

একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নতুন বিধিমালায় অটোরিকশার নিবন্ধন, নবায়ন, ফিটনেস, গতিসীমা ও চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নির্ধারণ করেছে সরকার।

রোববার দুপুরে সচিবালয়ে নতুন বিধিমালার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশার নিবন্ধন করতে পারবেন। অর্থাৎ একজনের মালিকানায় পাঁচটির বেশি অটোরিকশা থাকতে পারবে না। এ ছাড়া দুই বা চারজন যাত্রী ধারণক্ষমতার অটোরিকশা চলাচল করতে পারবে।

প্রতিমন্ত্রী জানান, প্রতিটি অটোরিকশায় কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট বাধ্যতামূলক করা হয়েছে। গাড়ির নির্দিষ্ট গতিসীমাও থাকবে।

নিবন্ধন ও নবায়ন ফি নির্ধারণ

নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা।

প্রতিটি ই-রিকশার ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা। নিবন্ধন নবায়নের মাধ্যমে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত এসব যানবাহন চালানো যাবে।

ঢাকা মহানগরে আট জোনে চলবে ই-রিকশা

ঢাকা মহানগরকে আটটি জোনে ভাগ করে আট রঙের নম্বরপ্লেটের মাধ্যমে জোনভিত্তিক অটোরিকশা চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সিটি করপোরেশন চাইলে আগামীকাল থেকেই নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারবে। তবে অটোরিকশার নকশা ও ডিজাইনের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্দেশনা অনুসরণ করতে হবে।

চার্জিং স্টেশনেও থাকছে বিধিনিষেধ

প্রতিমন্ত্রী জানান, চার্জিং স্টেশনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। অবৈধভাবে অটোরিকশা চার্জ করলে শাস্তির বিধান থাকবে। বিধিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল সুশৃঙ্খল করতে সরকার ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে।

নতুন বিধিমালার মাধ্যমে অটোরিকশার নিবন্ধন, মালিকানা, ফিটনেস, গতিসীমা ও চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি মহানগরীর যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন