মাহিন হোসেন
প্রকাশ:১৫:০৩,১ নভেম্বর ২০২৬
হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
রোববার (১ নভেম্বর) মন্ত্রীর ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন মিল্টন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ফুসফুসে সংক্রমণের কারণে ড. আবদুল মঈন খানকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।
এদিকে, মন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে গত ২১ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।