নিহান আহমেদ
প্রকাশ:১৫:০৮,১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়েও লাইভ অনুষ্ঠানে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে রাশেদ খাঁন সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (৩১ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী লাইভ অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলেছেন। একটি জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলা শুধু পত্রিকার প্রতি অবমাননা নয়, বরং বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বার্তা।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং গণমাধ্যম বন্ধ করে দেওয়ার আশঙ্কা তৈরি করে। এতে সংবাদকর্মী ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আবারও সরকারি হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হতে পারে।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে রাশেদ খাঁনের বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি তার আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে দলটি।
তিনি আরও বলেন, রাশেদ খাঁন যেহেতু প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন, তাই তার এ কর্মকাণ্ডের পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত রয়েছে কি না, তা জনগণ জানতে চায়।