তানভীর খান
প্রকাশ:১৮:৫৪,২৯ অক্টোবর ২০২৬
ঢাকার কেরানীগঞ্জে হংকংভিত্তিক বস্ত্র ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্ডা কোম্পানির অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে নিতে ৩৬ দশমিক ৭১৮০ একর জমির দখল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন। প্রতিষ্ঠানটির প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ২৫ কোটি মার্কিন ডলার। এ বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দা বিসিক শিল্পনগরীর নতুন ব্রিজসংলগ্ন নির্ধারিত স্থানে জমির দখল হস্তান্তর করা হয়। ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের পরিচালক শাহীন আক্তার সুমির কাছে জমির দখল হস্তান্তর করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ভূমিমালিক মো. রাশেদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হান্ডা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের মাধ্যমে কেরানীগঞ্জের নির্ধারিত অর্থনৈতিক অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটি নিট টেক্সটাইল, কাপড় রং করা এবং তৈরি পোশাক উৎপাদন খাতে কার্যক্রম পরিচালনা করে। প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
জমির দখল হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, দেশে শিল্পায়ন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেরানীগঞ্জে হান্ডা কোম্পানির প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে এ অঞ্চলে শিল্প ও বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কেরানীগঞ্জে বিনিয়োগের পরিবেশ সম্প্রসারিত হবে। নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার মধ্য দিয়ে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
‘বেজা কর্তৃক কেরানীগঞ্জ উপজেলায় অর্থনৈতিক অঞ্চল নির্মাণ’ প্রকল্পের আওতায় ৩৬ দশমিক ৭১৮০ একর জমি অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২১০ কোটি ৬৯ লাখ ২৭ হাজার ৯১৫ টাকা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, জমির দখল হস্তান্তরের মধ্য দিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম আরও গতিশীল হবে। প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে কেরানীগঞ্জে শিল্পায়ন ও বাণিজ্যের প্রসারের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।