তানভীর খান
প্রকাশ:১৯:০৫,২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ হাজার ৪০৫ জন সদস্য। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে ১৮৫টি কেন্দ্রে নিয়োজিত রয়েছেন তাঁরা। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রবীণ ও অসুস্থ ভোটারদের বুথে পৌঁছে দিয়ে মানবিকতার দৃষ্টান্তও স্থাপন করছেন বাহিনীর সদস্যরা।
নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে আনসার ব্যাটালিয়নের ১০টি বিশেষ স্ট্রাইকিং টিম। কুইক রেসপন্স টিম হিসেবে এসব দল সার্বক্ষণিক টহল দিচ্ছে। পাশাপাশি ভোটগ্রহণের পরিবেশ স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে তদারকি করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নির্বাচনী কার্যক্রম তদারকি করছেন আনসার-ভিডিপির রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, পরিচালক সফিকুল আলম, সফিপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক বিকাশ কুমার, ঠাকুরগাঁও আনসার ব্যাটালিয়নের উপপরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন এবং ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্ট নজরুল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া একাডেমিতে প্রশিক্ষণরত ৪৪তম বিসিএস ক্যাডারের ১২ জন সহকারী পরিচালকও মাঠপর্যায়ের কার্যক্রমে যুক্ত রয়েছেন।
বাহিনীটির সমন্বিত নজরদারিতে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা। গণনা শেষে ব্যালট বাক্স নিরাপদে নির্বাচন অফিসে পৌঁছানো, ফলাফল প্রকাশ এবং পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবেন আনসার-ভিডিপির সদস্যরা।