রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৮ জন গ্রেপ্তার

আহনাফ খান

প্রকাশ:১৩:৩৩,৩১ অক্টোবর ২০২৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৮ জন গ্রেপ্তার

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ২৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি দুজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১৭৫ জন, গুলশান বিভাগে ৩৭ জন এবং উত্তরা বিভাগে ৩৪ জন রয়েছেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে ১ হাজার ৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন এবং ২২২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন, দুটি চাকু, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও নগদ ১৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে। একই অভিযানে দুজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা ও অন্যান্য আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন