স্পোর্টস ডেস্ক
প্রকাশ:১৬:২০,২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেস আক্রমণের অন্যতম ভরসা মারুফা আক্তার। তবে পুরোনো গোড়ালির চোট আবারও ফিরে আসায় আসন্ন নিউজিল্যান্ড সফরে তাঁকে ছাড়াই খেলতে হতে পারে বাংলাদেশকে। দলের এই গুরুত্বপূর্ণ পেসারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দ্রুত মাঠে ফেরানোর পরিবর্তে মারুফাকে পুরোপুরি সুস্থ করে তোলার পরিকল্পনা নিয়েছে বোর্ড। দীর্ঘ মেয়াদে তাঁর ফিটনেস ও বোলিং সক্ষমতা ধরে রাখাই এখন বিসিবির মূল লক্ষ্য।
তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ১০ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ নারী দলের। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। তবে গোড়ালির পুরোনো সমস্যা ফিরে আসায় এই সিরিজে মারুফার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, মারুফার গোড়ালির ব্যথা আবারও দেখা দিয়েছে। তাই তাঁকে পর্যাপ্ত বিশ্রাম ও সুস্থ হওয়ার সময় দিতে চায় বোর্ড।
ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মারুফার গোড়ালির ব্যথা ফিরে এসেছে। ভবিষ্যতে যেন কোনো ধরনের অস্বস্তি ছাড়াই বোলিং করতে পারেন, সেটি নিশ্চিত করতেই তাঁকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বোর্ড।
পুরোপুরি সুস্থ না হলে নিজের স্বাভাবিক সামর্থ্য অনুযায়ী বোলিং করাও মারুফার জন্য কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করছে বিসিবি।
বাংলাদেশের পেস আক্রমণে মারুফার গুরুত্ব বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িকভাবে নিউজিল্যান্ড সফরে তাঁকে না পাওয়ার আশঙ্কা থাকলেও চোট পুরোপুরি কাটিয়ে দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলার উপযোগী করে তোলাই এখন বিসিবির প্রধান অগ্রাধিকার।