দুমকিতে বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি:

প্রকাশ:১৭:২৬,২ নভেম্বর ২০২৬

দুমকিতে বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সরকারি জনতা কলেজ ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাতে তাঁকে গ্রেফতার করা হয়। এ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগও উঠেছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমানের বিরুদ্ধে বালুর ব্যবসাকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ করেছেন মামলার প্রধান আসামি।

মামলার এজাহারে বিএনপি নেতা খলিলুর রহমান উল্লেখ করেন, শনিবার আসামিরা একটি দোকানের সামনে তাঁকে গালমন্দ ও মারধর করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ২১ হাজার ৫০০ টাকা নিয়ে যান তাঁরা। আসামিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বিরোধ চলছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বিএনপি নেতা খলিলুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন মামলার প্রধান আসামি দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাওলাদার। তাঁর দাবি, ড্রেজারের লাইন টানাকে কেন্দ্র করে খলিলুর রহমান তাঁদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ নিয়ে তাঁর সঙ্গে তর্কবিতর্ক হয়।

রাকিব হাওলাদার আরও জানান, গ্রেফতারের আগে ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান এ বিষয়ে ওই বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে খলিলুর রহমান বলেন, নিজেদের বাঁচাতে তাঁরা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।

দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, মারধর ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রদল নেতার করা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি।

আরও পড়ুন