স্পোর্টস ডেস্ক
প্রকাশ:১৬:০৫,৩১ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শনিবার ভারতকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের কাপ সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে মূল শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল আমিরাত। ফলে ‘গ্রুপ সি’-তে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে রাহুল ত্রিপাঠি ৭ বলে সর্বোচ্চ ২৪ রান করেন। টি নটরাজন ১৪ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি ছক্কা। অধিনায়ক ক্রুনাল পান্ডিয়ার ব্যাট থেকে আসে ৮ বলে ১৫ রান।
আমিরাতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জাহিদ আলী। তিনি শিকার করেন তিনটি উইকেট। এছাড়া মুহাম্মদ ফারুক ও মোহাম্মদ ফারাজউদ্দিন একটি করে উইকেট নেন।
৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে আমিরাত। উদ্বোধনী জুটিতে অধিনায়ক খালিদ শাহ ও অংশ ট্যান্ডন ভারতীয় বোলারদের ওপর চড়াও হন। খালিদ শাহ মাত্র ১৪ বলে ৫২ রান করেন। অন্যদিকে অংশ ট্যান্ডন ১২ বলে করেন ৩৯ রান। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৪.২ ওভারেই ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আমিরাত।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ১ উইকেটের নাটকীয় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল দলটি। সেই ম্যাচেও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন খালিদ শাহ। মাত্র ২০ বলে ৭১ রান করে দলকে ১০৭ রানের লক্ষ্য অতিক্রম করতে সাহায্য করেন তিনি। ওই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক আব্বাস আফ্রিদিও ১৩ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।
১২ দলের এই টুর্নামেন্টে চারটি গ্রুপে তিনটি করে দল অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে কাপ সেমিফাইনালে। গ্রুপ রানার্স-আপরা লড়বে প্লেট সেমিফাইনালে এবং তৃতীয় স্থানে থাকা দলগুলো খেলবে বোল সেমিফাইনালে।
কাপ সেমিফাইনালের বিজয়ী দুই দল রবিবার ফাইনালে শিরোপার জন্য মুখোমুখি হবে। গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থান অর্জন করা অস্ট্রেলিয়া এখন আমিরাতের সামনে বড় চ্যালেঞ্জ। ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে হবে খালিদ শাহদের।