আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ:১৬:২২,২ নভেম্বর ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে নামিবিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে আফ্রিকার দেশটি।

রোববার উইন্ডহোকে অনুষ্ঠিত ম্যাচে এই জয়ের ফলে সিরিজটি ৩-২ ব্যবধানে নিজেদের করে নেয় নামিবিয়া। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের আগে এমন সাফল্য দলটির জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

সিরিজ নির্ধারণী ম্যাচে টসের পর আগে ব্যাট করতে নেমে নামিবিয়ার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। পেসার জেজে স্মিথ ও জ্যাক ব্রাসেল মিলে ৭ উইকেট তুলে নিলে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস।

জবাবে রান তাড়ায় ওপেনার লরেন স্টিনক্যাম্পের ৪২ রানের কার্যকর ইনিংস জয়ের পথ সহজ করে দেয়। অধিনায়ক গেরহার্ড এরাসমাসও ৩০ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নামিবিয়া।

পুরো সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন নামিবিয়ার অধিনায়ক এরাসমাস। ২৬৩ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। অন্যদিকে শেষ ম্যাচে ৯ ওভার বল করে ৪ উইকেট নেওয়া জেজে স্মিথ হয়েছেন ম্যাচসেরা।

এদিকে আয়ারল্যান্ড ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে বিশ্বকাপে জায়গা করে নিতে নামিবিয়াকে পেরোতে হবে কোয়ালিফায়ার প্লে-অফের বাধা।

আরও পড়ুন