বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় কোচিং নেওয়ার পরামর্শ ইউসুফের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ:১৬:২৯,২ নভেম্বর ২০২৬

বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় কোচিং নেওয়ার পরামর্শ ইউসুফের

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের সাম্প্রতিক ফর্ম ও টেকনিক্যাল দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। বাবরকে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে গিয়ে বিশেষ কোচিং নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সদ্য শেষ হওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি বাবর। পাঁচ ম্যাচে ২৩.৬০ গড়ে তার সংগ্রহ মাত্র ১১৮ রান। স্ট্রাইক রেট ছিল ৭৪.২১। সিরিজে কোনো অর্ধশতকও পাননি এই ডানহাতি ব্যাটার।

ধারাবাহিকতার অভাব দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে বাবরকে। ২০২৩ সালের সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে ১৫১ রানের ইনিংস খেলার পর ওয়ানডেতে তার সেঞ্চুরি পেতে দুই বছরের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি করেন তিনি।

তবে সেই সেঞ্চুরির পরও ধারাবাহিকতা ফিরে পাননি বাবর। ২০২৬ সালের মে মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি অর্ধশতক করলেও এরপর আর ওয়ানডেতে ৫০ রানের ঘর স্পর্শ করতে পারেননি তিনি।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের মতামত তুলে ধরেন মোহাম্মদ ইউসুফ। তার মতে, বিশেষজ্ঞ কোচের অধীনে টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান না করা পর্যন্ত বাবরের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা উচিত নয়।

ইউসুফের আশঙ্কা, ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থ হলে বাবরের আত্মবিশ্বাস ও ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি লেখেন, ‘আমার মনে হয় না টেকনিক্যাল সমস্যা বিশেষ কোচিংয়ের মাধ্যমে সারিয়ে না তোলা পর্যন্ত বাবর আজমের ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা উচিত। ঘরোয়া ক্রিকেটে ব্যর্থতা তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ারের আরও ক্ষতি করতে পারে।’

বাবরকে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে পাঠানোর পরামর্শ দিয়ে ইউসুফ আরও লেখেন, ‘সে এখনো পাকিস্তানের সেরা খেলোয়াড়। সঠিক নির্দেশনা আর একটু চেষ্টা থাকলে সে নিজের সেরা ফর্মে ফিরতে পারে। আমি চার বছর আগেও এ কথা বলেছিলাম, কেউ শোনেনি। দয়া করে এবার শুনুন।’

এদিকে আসন্ন ২০২৬-২৭ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফিতে লাহোর হোয়াইটসের হয়ে খেলবেন বাবর আজম। আগামী ৩ নভেম্বর ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে এই টুর্নামেন্ট।

চলমান ফর্মের মধ্যেই বাবরের ঘরোয়া ক্রিকেটে ফেরা এবং ইউসুফের বিশেষ কোচিংয়ের পরামর্শ—সব মিলিয়ে পাকিস্তানের ক্রিকেটে নতুন করে আলোচনায় এসেছেন এই তারকা ব্যাটার।

 

আরও পড়ুন