তাইওয়ানে সতর্কতা জারি

শক্তিশালী টাইফুন চাম্পির আঘাতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ:১৬:৩০,২২ অক্টোবর ২০২৬

শক্তিশালী টাইফুন চাম্পির আঘাতের আশঙ্কা

টাইফুন চাম্পির স্যাটেলাইট চিত্র। ছবি: রয়টার্স

প্রবল বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন চাম্পি। ঝড়টির প্রভাবে তাইওয়ানে স্থল সতর্কতা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট। একই সঙ্গে ঝড়ের কারণে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড’-এর কার্যক্রমেও পরিবর্তন আনতে হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তিশালী ঝড়গুলোর একটি চাম্পি। একপর্যায়ে সুপার টাইফুনে রূপ নেওয়া ঝড়টির শক্তি বৃহস্পতিবার কিছুটা কমলেও কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি ছিল বলে জানিয়েছে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ)।

প্রশাসনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়টি তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চল অতিক্রম করে চীনের উপকূলের দিকে এগোতে পারে। পরে এটি জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে।

ঝড়টির বিস্তৃতি বেড়ে প্রায় ৩২০ কিলোমিটারে পৌঁছেছে। এর প্রভাবে তাইওয়ানের বিস্তীর্ণ এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আবহাওয়াবিদদের আশঙ্কা, ঝড়টির প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে।

উপকূল ও পাহাড়ি এলাকায় দুর্যোগের আশঙ্কা

তাইওয়ানের উপকূলীয় শহরগুলোতে মোবাইল ফোনের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এতে ছয় মিটারের বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা জানানো হয়েছে। পাশাপাশি উত্তর তাইওয়ানের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রাজধানী তাইপের আশপাশে, প্রায় এক মিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

টাইফুন মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। তিনি বাসিন্দাদের পাহাড়ি ও উপকূলীয় এলাকায় যাতায়াত এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছেন।

তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর বেশির ভাগই অভ্যন্তরীণ রুটের। তবে এখন পর্যন্ত দেশটির রেল যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

জাপানেও ফ্লাইট বাতিল

টাইফুন চাম্পির প্রভাবে জাপানেও বিমান চলাচল ব্যাহত হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের পশ্চিমতম জনবসতিপূর্ণ দ্বীপ ইয়োনাগুনির ওপর দিয়ে অতিক্রম করতে পারে।

জাপানের প্রধান তিন বিমান সংস্থা জাপান এয়ারলাইনস, এএনএ ও স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে ১০০টির বেশি ফ্লাইট বাতিল করেছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর বেশির ভাগই অভ্যন্তরীণ রুটের। এতে ১১ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সাধারণত টাইফুন মোকাবিলায় তাইওয়ানে আগাম প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনার ব্যবস্থা নেওয়া হয়। গ্রীষ্মকালে এ ধরনের ঝড় বেশি দেখা গেলেও শরৎকালেও টাইফুন আঘাত হানতে পারে। এসব ঝড়ে প্রবল বাতাসের পাশাপাশি ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়।

যুক্তরাষ্ট্র-জাপানের সামরিক মহড়ায় পরিবর্তন

টাইফুনের প্রভাবে তাইওয়ানের কাছাকাছি জাপানি দ্বীপগুলোতে চলমান যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড’-এর কার্যক্রমেও পরিবর্তন আনা হয়েছে।

প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত এ মহড়ায় স্থল, সমুদ্র ও আকাশপথে সমন্বিত সামরিক অভিযান পরিচালনার অনুশীলন করা হয়। এর মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং উভচর অভিযানও রয়েছে।

সোমবার শুরু হওয়া এবারের মহড়ায় জাপান ও যুক্তরাষ্ট্রের প্রায় ৫৬ হাজার সামরিক সদস্য অংশ নিচ্ছেন। ফিলিপাইন ও অস্ট্রেলিয়াসহ আরও পাঁচটি দেশের সামরিক বাহিনীও এতে যুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সব অংশগ্রহণকারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিনের পরিস্থিতি বিবেচনায় প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন