আইটি ডেস্ক
প্রকাশ:১৪:৫৭,২৭ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ব্যবহারের সময় হঠাৎ ফুল-স্ক্রিন বিজ্ঞাপন ভেসে ওঠা কিংবা কোনো অ্যাপ চালু না করলেও অচেনা ওয়েবসাইটের প্রচার দেখা দেওয়ার ঘটনা অনেকের কাছেই বিরক্তিকর। সন্দেহজনক অ্যাপ, ব্রাউজারের নোটিফিকেশন অনুমতি বা অ্যাডওয়্যারের কারণে এমনটি হতে পারে। তবে ফোনে বিজ্ঞাপন দেখালেই সেটিকে ভাইরাস আক্রান্ত বলা যায় না। কয়েকটি পদক্ষেপে এসব বিজ্ঞাপনের উৎস শনাক্ত করে সমস্যা কমানো সম্ভব।
সন্দেহজনক অ্যাপ আনইনস্টল করুন
নতুন কোনো অ্যাপ ইনস্টল করার পর বিজ্ঞাপন বেড়ে গেলে সেটি পরীক্ষা করুন। বিশেষ করে অপরিচিত উৎস থেকে ডাউনলোড করা ক্লিনার, লঞ্চার ও বিনা মূল্যের টুল সন্দেহজনক মনে হলে মুছে ফেলুন। এরপর ফোন রিস্টার্ট করে দেখুন সমস্যার সমাধান হয়েছে কি না।
অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন
বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট নোটিফিকেশনের মাধ্যমে বিজ্ঞাপন পাঠাতে পারে। এমন বার্তার ওপর কিছুক্ষণ চেপে ধরলে সাধারণত প্রেরক অ্যাপের নাম দেখা যায়। প্রয়োজন অনুযায়ী ওই অ্যাপের নোটিফিকেশন বন্ধ করুন এবং ব্রাউজারে সন্দেহজনক ওয়েবসাইটের নোটিফিকেশন অনুমতি বাতিল করুন।
লঞ্চার ও বিশেষ অনুমতি পরীক্ষা করুন
হোম স্ক্রিনে বা অন্য অ্যাপ ব্যবহারের সময় বিজ্ঞাপন এলে থার্ড-পার্টি লঞ্চারসহ সম্প্রতি ইনস্টল করা অ্যাপগুলো পরীক্ষা করুন। সন্দেহজনক অ্যাপ সরিয়ে ফোনের ডিফল্ট লঞ্চার ব্যবহার করে দেখুন। পাশাপাশি, অন্য অ্যাপের ওপর ভেসে থাকার অনুমতি পাওয়া অ্যাপগুলোর তালিকা দেখে অপ্রয়োজনীয় অনুমতি বন্ধ করুন।
ব্রাউজারের পপ-আপ বন্ধ করুন
ব্রাউজার ব্যবহারের সময় নিজে থেকে নতুন ট্যাব খোলা বা অচেনা ওয়েবসাইটে চলে যাওয়ার ঘটনা ঘটলে পপ-আপ ও রিডাইরেক্ট বন্ধ রাখুন। গুগল ক্রোমের সেটিংস থেকে সন্দেহজনক ওয়েবসাইটের নোটিফিকেশন অনুমতি বাতিল করুন। প্রয়োজনে ব্রাউজিং ডেটা মুছতে পারেন। তবে এতে কিছু ওয়েবসাইট থেকে লগআউট হয়ে যেতে পারেন।
প্লে প্রটেক্ট দিয়ে স্ক্যান করুন
ফোনে ক্ষতিকর অ্যাপ থাকার আশঙ্কা হলে গুগল প্লে স্টোরের প্লে প্রটেক্ট ব্যবহার করে স্ক্যান চালান। পাশাপাশি, অ্যান্ড্রয়েড ও অ্যাপগুলো নিয়মিত আপডেট রাখুন। অপরিচিত উৎস থেকে এপিকে ফাইল ডাউনলোড করা এড়িয়ে চলুন এবং অ্যাপের প্রয়োজনের সঙ্গে সম্পর্কহীন অনুমতি দেওয়ার আগে সতর্ক থাকুন।
সতর্ক থাকুন ভুয়া বিজ্ঞাপনে
ফোনে ঘন ঘন ফুল-স্ক্রিন বিজ্ঞাপন আসা বা নিজে থেকে অচেনা ওয়েবসাইট খুলে যাওয়ার ঘটনা অবহেলা করবেন না। বিজ্ঞাপনে দেখানো ভুয়া পুরস্কার, লটারি কিংবা ভাইরাস শনাক্তের সতর্কবার্তায় বিশ্বাস করে অপরিচিত লিংকে প্রবেশ করবেন না। এসব সাইটে পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য বা ওটিপি দেওয়াও ঝুঁকিপূর্ণ।
ফোনে অযাচিত বিজ্ঞাপন দেখা দিলে প্রথমে এর উৎস শনাক্ত করা জরুরি। সন্দেহজনক অ্যাপ সরানো, নোটিফিকেশন নিয়ন্ত্রণ এবং ব্রাউজারের অনুমতি পর্যালোচনা করার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে সমস্যাটি কমানো সম্ভব।