ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’ মেট্রিক, আসছে ‘ভিউয়ারস’

আইটি ডেস্ক

প্রকাশ:১৪:৩১,২৮ অক্টোবর ২০২৬

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’ মেট্রিক, আসছে ‘ভিউয়ারস’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে। এর পরিবর্তে কনটেন্ট কতটি অ্যাকাউন্ট দেখেছে, তা বোঝার প্রধান মেট্রিক হিসেবে চালু হচ্ছে ‘ভিউয়ারস’। আগামী শনিবার থেকে এ পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে ফেসবুক।

ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে। এত দিন কোনো কনটেন্ট কতটি অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা পরিমাপ করতে ‘রিচ’ মেট্রিক ব্যবহার করা হতো। নতুন ব্যবস্থায় কনটেন্টের দর্শকসংখ্যা বোঝার জন্য ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

ছবি, ভিডিও ও রিলসসহ বিভিন্ন ধরনের কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণে এ মেট্রিক কাজে আসবে। এর মাধ্যমে ফেসবুকে প্রকাশিত কনটেন্ট কতটি অ্যাকাউন্ট দেখেছে, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

এ পরিবর্তনের ফলে ফেসবুক পেজ পরিচালনা, ডিজিটাল বিপণন ও কনটেন্ট বিশ্লেষণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিসংখ্যান পর্যবেক্ষণের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। এত দিন ‘রিচ’ মেট্রিকের মাধ্যমে পোস্ট কতটি অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা পরিমাপ করা হতো। নতুন ব্যবস্থায় কনটেন্টের দর্শকসংখ্যা বিশ্লেষণে ‘ভিউয়ারস’ মেট্রিকের ওপর গুরুত্ব দিতে হবে।

তবে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতিতে পার্থক্য থাকলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্য সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। এ কারণে ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো প্রতিবেদন সংরক্ষণ এবং নতুন মেট্রিকের হিসাবের পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ পরিবর্তন সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ফেসবুকে প্রকাশিত কনটেন্ট কতটি অ্যাকাউন্টের কাছে পৌঁছাচ্ছে এবং কতটি অ্যাকাউন্ট তা দেখছে, এসব তথ্যের ভিত্তিতে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়ন করা হয়।

আরও পড়ুন