আইটি ডেস্ক
প্রকাশ:১৫:০৪,২৭ অক্টোবর ২০২৬
ফেসবুকের নিউজফিড ও রিলসে কী ধরনের কনটেন্ট দেখা যাবে, তা নিয়ন্ত্রণের সুযোগ বাড়াচ্ছে মেটা। এ লক্ষ্যে ‘ইওর অ্যালগরিদম’ (Your Algorithm) নামের একটি এআইনির্ভর ফিচার চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের বিষয় জানিয়ে নিউজফিডে কী ধরনের পোস্ট বেশি বা কম দেখতে চান, তা নির্ধারণ করতে পারবেন।
নতুন এই ফিচারে ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষায় নিজেদের আগ্রহ ও পছন্দের কথা লিখতে পারবেন। সেই অনুযায়ী ফেসবুকের সুপারিশব্যবস্থা ফিড ও রিলসে কনটেন্ট দেখানোর ধরনে পরিবর্তন আনবে। মেটার তথ্যমতে, এর ফলে ব্যবহারকারীদের আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট সুপারিশ করা সহজ হবে।
ফিচারটি ব্যবহারের জন্য ফেসবুকের কোনো পোস্টের পাশে থাকা তিন ডটের মেনুতে যেতে হবে। সেখান থেকে ‘ইওর অ্যালগরিদম’ অপশন নির্বাচন করে পছন্দের বিষয়গুলো জানানো যাবে। এ ছাড়া কোনো কনটেন্ট ভালো লাগলে ‘ইন্টারেস্টেড’ এবং অপছন্দ হলে ‘নট ইন্টারেস্টেড’ নির্বাচন করেও প্রতিক্রিয়া জানানো যাবে।
মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের পছন্দ আরও ভালোভাবে বুঝতে ফেসবুক প্রয়োজনে অতিরিক্ত প্রশ্ন করতে পারে। এর মাধ্যমে কোন ধরনের কনটেন্ট বেশি বা কম দেখতে চান, তা আরও বিস্তারিতভাবে জানানোর সুযোগ থাকবে। এসব প্রতিক্রিয়ার ভিত্তিতে কনটেন্ট সুপারিশের ধরন সমন্বয় করা হবে।
ব্যবহারকারীদের কনটেন্ট দেখার অভিজ্ঞতায় আরও নিয়ন্ত্রণ দেওয়ার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে ফিচারটি চালু করছে মেটা। এত দিন ব্যবহারকারীদের কার্যক্রম ও আগ্রহের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট সুপারিশ করা হলেও নতুন ব্যবস্থায় সরাসরি পছন্দ জানানোর সুযোগ বাড়বে।
এর আগে ইনস্টাগ্রামেও ‘ইওর অ্যালগরিদম’ ফিচার চালু করেছে মেটা। পাশাপাশি থ্রেডসে ‘ডিয়ার অ্যালগো’ নামের একটি সুবিধা রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের জন্য সুপারিশ করা কনটেন্টের ধরন প্রভাবিত করতে পারেন।
নতুন ফিচারটির মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা নিউজফিডে অপ্রাসঙ্গিক পোস্ট কমিয়ে নিজেদের আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট দেখার সুযোগ পাবেন। তবে ফিচারটির প্রাপ্যতা ও ব্যবহারের সুযোগ অঞ্চল এবং অ্যাকাউন্টভেদে ভিন্ন হতে পারে।