আইটি ডেস্ক
প্রকাশ:১৫:০১,২৭ অক্টোবর ২০২৬
স্মার্টফোন যত দামি হোক, অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। আইফোনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। এমন পরিস্থিতিতে দ্রুত ফোন চালু করা, চার্জ দেওয়া কিংবা হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর চেষ্টা হিতে বিপরীত হতে পারে। তাই আইফোন পানিতে পড়ে গেলে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।
১. দ্রুত পানি থেকে তুলে ফোন বন্ধ করুন
আইফোন পানিতে পড়ে গেলে যত দ্রুত সম্ভব তুলে ফেলুন। ফোন চালু থাকলে নিরাপদে বন্ধ করে দিন। ভেজা অবস্থায় ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। স্ক্রিন কাজ না করলে বা ফোন বন্ধ করতে সমস্যা হলে বারবার বোতাম চাপবেন না।
২. চার্জার বা অন্য কোনো তার লাগাবেন না
ভেজা আইফোন চার্জে দেওয়া বিপজ্জনক হতে পারে। চার্জিং পোর্টে পানি বা আর্দ্রতা থাকলে সংযোগের কারণে ফোনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই ফোন পুরোপুরি শুকানো পর্যন্ত চার্জার, কম্পিউটার বা অন্য কোনো তারযুক্ত যন্ত্রের সঙ্গে যুক্ত করবেন না।
৩. শুকনো কাপড় দিয়ে পানি মুছে ফেলুন
নরম ও শুকনো কাপড় দিয়ে ফোনের বাইরের অংশ আলতোভাবে মুছে নিন। চার্জিং পোর্টে পানি থাকলে সংযোগস্থল নিচের দিকে রেখে ফোনটি হাতের তালুতে আলতোভাবে ঠোকা দিতে পারেন। এরপর বাতাস চলাচল করে এমন শুকনো জায়গায় ফোনটি রাখুন।
৪. হেয়ার ড্রায়ার বা চাল ব্যবহার করবেন না
ফোন দ্রুত শুকানোর জন্য হেয়ার ড্রায়ার, হিটার কিংবা অন্য কোনো তাপের উৎস ব্যবহার করবেন না। ফোনের চার্জিং পোর্টে তুলা, টিস্যু বা অন্য কোনো বস্তু ঢুকিয়েও পরিষ্কার করার চেষ্টা করবেন না। চালের পাত্রে ফোন রেখে শুকানোর পদ্ধতিও এড়িয়ে চলুন। এতে আর্দ্রতা দূর হওয়ার নিশ্চয়তা নেই; বরং ছোট কণা পোর্টে ঢুকে সমস্যা তৈরি করতে পারে।
৫. চার্জিং পোর্ট শুকাতে সময় দিন
চার্জিং পোর্টে আর্দ্রতা থাকলে আইফোনে ‘লিকুইড ডিটেক্টেড’ সতর্কবার্তা দেখা যেতে পারে। এমন বার্তা এলে চার্জার খুলে ফোনটি শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন। অন্তত ৩০ মিনিট পর আবার পরীক্ষা করতে পারেন। সতর্কবার্তা থাকলে আরও সময় দিন। ফোন পুরোপুরি শুকাতে কখনো কখনো ২৪ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে। সতর্কবার্তা উপেক্ষা করে জোর করে চার্জ দেবেন না।
৬. ওয়াটার রেজিস্ট্যান্স থাকলেও অসতর্ক হবেন না
কিছু আইফোন মডেলে পানি প্রতিরোধের সুবিধা থাকলেও সেগুলো পুরোপুরি পানিরোধী নয়। সময়ের সঙ্গে সঙ্গে, পড়ে যাওয়া বা স্বাভাবিক ব্যবহারের কারণে এই প্রতিরোধক্ষমতা কমে যেতে পারে। সমুদ্রের নোনা পানি, সুইমিং পুলের পানি কিংবা সাবানমিশ্রিত তরল ফোনের সংস্পর্শে এলেও ক্ষতি হতে পারে। তাই পানি প্রতিরোধের সুবিধা রয়েছে বলে ফোনকে ইচ্ছাকৃতভাবে পানিতে ভেজানো উচিত নয়।
আইফোন পানিতে ডুবে গেলে, শুকানোর পরও চালু না হলে কিংবা স্পিকার, মাইক্রোফোন বা চার্জিংয়ে সমস্যা দেখা দিলে নিজে ফোন খুলে মেরামতের চেষ্টা করবেন না। এ ক্ষেত্রে অনুমোদিত সার্ভিস সেন্টারের সহায়তা নিন।
ফোন পানিতে পড়লে দ্রুত তুলে বাইরের পানি মুছে ফেলা, চার্জ দেওয়া থেকে বিরত থাকা এবং পর্যাপ্ত সময় শুকাতে দেওয়া জরুরি। এসব পদক্ষেপ ক্ষতির ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। তবে ফোন পুরোপুরি সচল থাকবে, এমন নিশ্চয়তা নেই।