স্পোর্টস ডেস্ক
প্রকাশ:১২:৪০,২৬ অক্টোবর ২০২৬
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে পাকিস্তান। ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৪ রানেই ৯ উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকরা। সেখান থেকে শাদাব খানের দুর্দান্ত সেঞ্চুরি ও হারিস রউফের সঙ্গে রেকর্ড গড়া জুটিতে ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান।
শাদাব ৯৬ বলে অপরাজিত ১১৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও পাঁচটি ছক্কা। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর প্রথম সেঞ্চুরি। আট নম্বরে ব্যাট করতে নেমে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও খেলেন তিনি।
অন্য প্রান্তে শেষ ব্যাটার হারিস রউফকে নিয়ে অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটি গড়েন শাদাব। সফল রান তাড়ায় ওয়ানডের দশম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। এর আগে রেকর্ডটি ছিল ৬৪ রানের। ১৯৭৫ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষেই ওয়েস্ট ইন্ডিজের ডেরিক মারে ও অ্যান্ডি রবার্টস সেই জুটি গড়েছিলেন।
তবে ম্যাচের শেষ ভাগে নাটকীয়তা আরও বাড়ে। জয়ের জন্য পাকিস্তানের যখন মাত্র ২১ রান দরকার, তখন ৪৫তম ওভারে গাস অ্যাটকিনসনের বলে এলবিডব্লিউ হন শাদাব—এমন সিদ্ধান্ত দেন আম্পায়ার। ইংল্যান্ডের খেলোয়াড়েরা উদ্যাপনও শুরু করে দেন। শাদাবও প্রথমে মাঠ ছাড়তে শুরু করেছিলেন।
কিন্তু শেষ মুহূর্তে রিভিউ নেওয়ার কথা মনে পড়ে তাঁর। আলট্রাএজে দেখা যায়, বল প্যাডে লাগার আগে ব্যাটের কানায় হালকা স্পর্শ করেছিল। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যায়, বেঁচে যান শাদাব।
এরপর আর পেছনে তাকাতে হয়নি পাকিস্তানকে। ১৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি। শাদাবের অবিশ্বাস্য ইনিংস ও হারিস রউফের সঙ্গে রেকর্ড গড়া জুটি শুধু ম্যাচই জেতায়নি, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেও জায়গা করে নিয়েছে।