আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:১৭:২০,৩০ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কাছের একটি মহাসড়কের একাংশ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (৩০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উত্তর-পশ্চিম ওরেগনের একটি মাঠে হেলিকপ্টার দুটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার পর তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও পরীক্ষা শুরু করেন।
ইয়ামহিল কাউন্টির শেরিফ স্যাম এলিয়ট এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে রয়েছেন টেক্সাসের ২২ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষক ম্যাডি আসবো, ওরেগনের ৩৮ বছর বয়সী পাইলট টাইলার স্টারডেভ্যান্ট এবং যুক্তরাজ্য থেকে আসা এক প্রশিক্ষণার্থী পাইলট।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, একটি হেলিকপ্টারে ছিলেন ম্যাডি আসবো ও ওই প্রশিক্ষণার্থী পাইলট। অন্য হেলিকপ্টারটি চালাচ্ছিলেন টাইলার স্টারডেভ্যান্ট। ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে একটি ব্যক্তিগত খামারের জমিতে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাস্থলে একটি লাল রঙের হেলিকপ্টার দুমড়েমুচড়ে টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে, সবুজ রঙের হেলিকপ্টারটি উল্টে পড়েছিল। ম্যাকমিনভিল শহরটি পোর্টল্যান্ড থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
দুর্ঘটনার কারণে কাছের ২৩৩ নম্বর মহাসড়কের প্রায় এক মাইল অংশ বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে ওরেগন পরিবহন বিভাগ এ তথ্য জানায়। তবে সড়কটির ওই অংশ কবে নাগাদ আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী লিও রদ্রিগেজ জানান, পরিবারের আঙুরের খেত থেকে ঘটনাটি দেখার পর তিনি জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন।
সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম কেপিটিভিকে তিনি বলেন, ‘হঠাৎ প্রচণ্ড শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল, ধাতব কিছু ভেঙে পড়ছে। ওপরে তাকিয়ে দেখি, দুটি হেলিকপ্টার মাঝ আকাশে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি যা দেখছিলাম, তা বুঝতে আমার কিছুটা সময় লেগেছিল। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। হেলিকপ্টার দুটি পাক খেতে খেতে মাটিতে আছড়ে পড়ে।’
এদিকে, শেরিফের কার্যালয় দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এর তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। পাশাপাশি তদন্তে যুক্ত হয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। শেরিফ জানান, বৃহস্পতিবার রাতেই ফেডারেল তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছান।
এনটিএসবির তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টার দুটির একটি ছিল রবিনসন আর-২২, যা প্রশিক্ষণমূলক ফ্লাইটে ছিল। অন্যটি ছিল এয়ারবাস এএস৩৫০, যা রক্ষণাবেক্ষণসংক্রান্ত কাজে উড়ছিল।
দুর্ঘটনায় জড়িত একটি হেলিকপ্টার পরিচালনা করছিল ‘জেরি ট্রিম্বল হেলিকপ্টারস’ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি হেলিকপ্টার চালানোর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারের জন্য হেলিকপ্টার ভাড়া দিয়ে থাকে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিবার এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: সিএনএন