আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:১৬:১০,১ নভেম্বর ২০২৬
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলাকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত সপ্তাহের নির্বাচনের পর দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হওয়ায় এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইলি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান।
রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়ার গোলান বলেন, ইরানের সঙ্গে আবারও সংঘাতে জড়ানোর আশঙ্কা বাড়ছে।
তিনি বলেন, ইরানের সঙ্গে বারবার সংঘাতে জড়ানোর পরিস্থিতি তৈরি হওয়া নেতানিয়াহুর ব্যর্থতারই প্রমাণ। তার মতে, নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার মতো নৈতিক বৈধতা কিংবা মৌলিক সক্ষমতা—কোনোটিই নেতানিয়াহুর নেই।
গোলানের এ বক্তব্য এমন সময়ে এলো, যখন ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালাতে পারে ইসরাইল ও ওয়াশিংটন।
ইয়ার গোলান নেতানিয়াহুর বিকল্প সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাই যত দ্রুত সম্ভব নতুন সরকার গঠন করা জরুরি। কারণ, ইসরাইলের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা এখন ঝুঁকির মধ্যে রয়েছে।
গত মঙ্গলবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী দল—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, ১২০ আসনের ইসরাইলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।
ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি।
নির্বাচনের এই অনিশ্চিত ফলাফলে দেশটিতে সরকার গঠন নিয়ে কয়েকটি সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন, জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠা কিংবা নতুন করে নির্বাচন আয়োজন।
সূত্র: আনাদোলু